স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম

সরকারি প্রণোদনা ও কর ছাড়ে দেশে বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার

জাতীয় / জ্বালানি ও বিদ্যুৎ
অনলাইন ডেক্স
সরকারি প্রণোদনা ও কর ছাড়ে দেশে বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার
সোলার প্যানেল এর ছবি | ছবি- সংগৃহীত

সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নতুন নীতিগত উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে। বাসাবাড়ি, শিল্পকারখানা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগও রয়েছে।

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রাথমিক ব্যয় কমানো, সহজ অর্থায়ন নিশ্চিত করা এবং নেট মিটারিং ব্যবস্থার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুবিধার কারণে ব্যক্তিপর্যায়ের গ্রাহক থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যেও সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়ছে।

এর একটি উদাহরণ মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান। নিজের প্রতিষ্ঠান ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে তিনি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে চালু হওয়া এ ব্যবস্থায় রয়েছে ৯টি সৌর প্যানেল, যার সম্মিলিত উৎপাদনক্ষমতা ৫ দশমিক ২৩ কিলোওয়াট। এটি স্থাপনে তাঁর ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা।

আখতারুজ্জামান জানান, উৎপাদিত বিদ্যুতের একটি অংশ তিনি নিজ প্রতিষ্ঠানে ব্যবহার করেন। অবশিষ্ট বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন। প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার বিপরীতে তিনি ৬ থেকে ৭ হাজার টাকা আয় করেন। ভবিষ্যতে অর্থায়ন সুবিধা পেলে এ ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁর।

তবে সৌরবিদ্যুৎ খাতে সাধারণ গ্রাহকদের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ঋণ ও অর্থায়নের সুযোগ থাকলেও ব্যক্তিপর্যায়ের গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার ব্যবস্থা তুলনামূলক সীমিত। ফলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করতে পারছেন না।

অন্যদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন নিজের উদ্যোগে বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। তাঁর ব্যবস্থায় ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি প্যানেল রয়েছে। সব মিলিয়ে এর স্থাপিত ক্ষমতা প্রায় ৪ দশমিক ১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থা স্থাপনে তাঁর ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা।

সাব্বির জানান, বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি পানির মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন তিনি। এতে মাসিক বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে সাধারণ সময়ে তাঁর বাড়ির বিদ্যুৎ বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসত। বর্তমানে তা কমে ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে রয়েছে।

তবে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য এখনো নেট মিটারিংয়ের অনুমতি পাননি তিনি। ফলে সৌরবিদ্যুতের পূর্ণ সুবিধা নিতে পারছেন না।

আখতারুজ্জামান ও সাব্বির হোসেনের অভিজ্ঞতা বলছে, সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুৎ বিল কমানোর মাধ্যম নয়, বরং বাড়তি বিদ্যুৎ উৎপাদন করে আয়েরও সুযোগ তৈরি করছে। বাসাবাড়ি, দোকানপাট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, কৃষিকাজ এবং সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে এ খাতের সম্প্রসারণ সম্ভব। একই সঙ্গে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন হ্রাসেও এটি ভূমিকা রাখতে পারে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।

সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার পরিকল্পনাও রয়েছে। আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এ ছাড়া নেট মিটারিংয়ের আওতায় গ্রাহকদের কাছ থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে ২০৩০ সাল পর্যন্ত কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নেট মিটারিং সংযোগ পেলে গ্রাহকেরা এ সুবিধার আওতায় আসতে পারবেন।

নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক নিজস্ব সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করার পর অবশিষ্ট অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারেন। সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ হিসাব করে গ্রাহকের বিদ্যুৎ বিল সমন্বয় করা হয়। এ ব্যবস্থায় অনলাইনে সংযোগের জন্য আবেদন করার সুযোগও রয়েছে।

সৌরবিদ্যুৎ স্থাপনের প্রাথমিক ব্যয় কমাতে যোগ্য সৌর সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত সরঞ্জাম আমদানির ক্ষেত্রে মোট করের হার কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। আগে এসব সরঞ্জামে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।

এ ছাড়া সৌরবিদ্যুতের সম্প্রসারণে গত ১৯ অক্টোবর সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এ অধ্যাদেশে ভবনের ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় এবং কৃষির সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্তে সর্বোচ্চ ৫ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প স্থাপন করা যাবে।

অধ্যাদেশে ওপেক্স মডেলে অর্থায়ন, নেট মিটারিং, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং প্রকল্প তদারকির বিধান রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনা চুরি, ভাঙচুর, অবৈধ সংযোগ ও কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

এ ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলাভিত্তিক সার্ভিস প্রোভাইডারদের তালিকা সংরক্ষণ করবে। গ্রাহকেরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া কিংবা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন। সৌরবিদ্যুৎ খাতের নীতিগত সমন্বয় ও সম্প্রসারণ তদারকিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পৃথক কারিগরি ও সমন্বয় কমিটি কাজ করবে।

সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করা। এ লক্ষ্য অর্জনে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ হাজার ৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক প্রকল্প থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সেবা সহজ করতে বিদ্যুৎ বিভাগ ও বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে।

গত ৩ ও ৪ নভেম্বর বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) উদ্যোগে সোলার এক্সপোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে উন্নয়ন সহযোগীদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, বড় প্রকল্পের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্যও এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রণোদনা, কর ছাড়, সহজ অর্থায়ন এবং নীতিগত উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়বে। তবে নেট মিটারিং সংযোগের আবেদন, অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট ধারণা দিতে হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া সহজ করা এবং অনুমোদনের অগ্রগতি জানার সুযোগ নিশ্চিত করাও জরুরি।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ শাহরিয়ার আহমেদ চৌধুরী সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোসহ সরকারের বিভিন্ন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাঁর মতে, সাধারণ গ্রাহকদের বড় অংশ স্থানীয় বাজার থেকে সৌর সরঞ্জাম কেনেন। ফলে আমদানি শুল্ক কমানোর সুবিধা সরাসরি তাঁদের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, সৌরবিদ্যুতের প্রসারে স্থানীয় বাজারে কর ও ভ্যাট কমানো, দুই থেকে পাঁচ বছর মেয়াদি প্রণোদনা এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি নেট মিটারিংয়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। প্রাথমিক বিনিয়োগের চাপ কমাতে দীর্ঘমেয়াদি ঋণ ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুৎ স্থাপনে প্রাথমিক ব্যয় কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থায়ন, দ্রুত নেট মিটারিং সংযোগ এবং স্থানীয় বাজারে সরঞ্জামের দাম কমানো নিশ্চিত করা গেলে এ খাতে বিনিয়োগ আরও বাড়বে। এতে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।