স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারে সদস্য রাষ্ট্রগুলোও একমত: খলিলুর রহমান

জাতীয় / কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক
নিউজ ডেস্ক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারে সদস্য রাষ্ট্রগুলোও একমত: খলিলুর রহমান
টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও এর কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করেছে সদস্য রাষ্ট্রগুলো। তবে কীভাবে এই সংস্কার কার্যকর করা যায়, সে বিষয়ে ঐকমত্য তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থা ১৯৪৫ সালের বাস্তবতায় নেই। তাই নিরাপত্তা পরিষদের কাঠামোতে পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে আফ্রিকা মহাদেশের দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন খলিলুর রহমান। সাক্ষাৎকারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক আইন এবং নতুন মহাসচিব নিয়োগসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। সাধারণ পরিষদও এসব বিষয়ে আলোচনা করতে পারে, তবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মূলত নিরাপত্তা পরিষদের। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষদ ঐকমত্যে পৌঁছাতে না পারায় অনেক সংঘাত অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভেটো ক্ষমতার ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, নিরাপত্তা পরিষদের কোনো সদস্য ভেটো প্রয়োগ করলে বিষয়টি সাধারণ পরিষদে আলোচনার সুযোগ রয়েছে। চলতি বছর এ ধরনের দুটি আলোচনা আয়োজন করেছেন তিনি। এর উদ্দেশ্য নিরাপত্তা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরিষদকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে উৎসাহিত করা।

নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে খলিলুর রহমান বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি এ-সংক্রান্ত আন্তসরকার আলোচনা তদারক করছেন। সম্প্রতি এ আলোচনার সহসভাপতিদের পুনর্নিয়োগও করেছেন। তার মতে, নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘদিনের হলেও এখন আফ্রিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করা বিশেষ অগ্রাধিকার।

তিনি বলেন, আফ্রিকা মহাদেশকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যথাযথভাবে অন্তর্ভুক্ত না করেই নিরাপত্তা পরিষদ অঞ্চলটির শান্তি ও নিরাপত্তা নিয়ে বহু সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকাকে শুধু আলোচনার বিষয়বস্তু হিসেবে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও থাকতে হবে। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন দেশের জোট এবং নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করছেন তিনি।

নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, সদস্যসংখ্যা বা গঠনে পরিবর্তন আনতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ জন্য নিরাপত্তা পরিষদের সম্মতি প্রয়োজন, যার মধ্যে স্থায়ী সদস্যদের সম্মতিও রয়েছে। তাই সংস্কার প্রক্রিয়ায় তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। তার ভাষায়, পরিবর্তন ধাপে ধাপে এগোবে এবং যেসব অঞ্চল বা মহাদেশের প্রতিনিধিত্ব নেই, সেগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

স্থায়ী সদস্যরা নিজেদের ক্ষমতা কমতে পারে—এমন সংস্কারে কেন সম্মতি দেবে, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরাও সাধারণ পরিষদের অন্য সদস্যদের মতোই জাতিসংঘের সদস্য। সংস্কার প্রক্রিয়ায় সবাই সম্মত হয়েছে। এখন এমন একটি পথ খুঁজে বের করতে হবে, যাতে প্রস্তাবিত পরিবর্তনে সব পক্ষের সমর্থন পাওয়া যায়।

জাতিসংঘের কোনো সদস্যরাষ্ট্রকে বহিষ্কারের ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্যরাষ্ট্র বহিষ্কারের বিধান রয়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের বহিষ্কারের নজির নেই। চীনের আসন নিয়ে অতীতে একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান, সে সময় তাইওয়ানের পরিবর্তে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে খলিলুর রহমান বলেন, এ ধরনের গুরুতর বিষয় বিচারিকভাবে মূল্যায়নের জন্য আন্তর্জাতিক বিচার আদালত রয়েছে, যা জাতিসংঘের অংশ। তিনি উদাহরণ হিসেবে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, আদালত ১৯ নভেম্বর এ মামলার রায় দেবেন।

জাতিসংঘকে বিলুপ্ত করার পরিবর্তে এর কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংস্থাটি বিলুপ্ত করা হলে আবারও একই ধরনের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থায়নসহ বৈশ্বিক নানা বিষয়ে বিভিন্ন পক্ষকে একত্র করার ক্ষেত্রে জাতিসংঘের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিজের অগ্রাধিকার তুলে ধরে সাধারণ পরিষদের সভাপতি বলেন, আস্থা পুনর্গঠন এবং রূপান্তর ব্যবস্থাপনার মাধ্যমে এমন একটি জাতিসংঘ গড়ে তোলা প্রয়োজন, যা সবার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। সংস্থাটির মাঠপর্যায়ের কার্যক্রমও আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একসময় রোহিঙ্গা শরণার্থীবিষয়ক বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে কাজ করেছেন। সে সময় অর্থসংকট থাকা সত্ত্বেও জাতীয় প্রতিষ্ঠান, স্থানীয় জনবল এবং শরণার্থী শিবিরের বাসিন্দাদের যুক্ত করে সেবা কার্যক্রম চালু রাখা হয়েছিল। কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল বলে জানান তিনি।

সাক্ষাৎকারে কঙ্গোতে জাতিসংঘের কার্যক্রমের কথাও তুলে ধরেন খলিলুর রহমান। তার মতে, দেশটির অভ্যন্তরে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকরভাবে কাজ করছে। নিরাপত্তা পরিষদের কার্যক্রমের বাইরে বিভিন্ন দেশের মাঠপর্যায়ে সংস্থাটির অবদানও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সাক্ষাৎকারের শেষ দিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগের প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি। খলিলুর রহমান জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ করে। এবারও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রার্থিতা ঘোষণা, সাধারণ পরিষদের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মতবিনিময়ের আয়োজনের দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন।

তিনি বলেন, নতুন মহাসচিব যেন ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব নিতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা পরিষদ আগামী ছয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।