স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম

যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

রাজনীতি / এনসিপি
নিউজ ডেস্ক
যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য এনসিপির স্থানীয় নেতারা।

নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। লন্ডনে পৌঁছে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির আহ্বায়ক।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের কর্মসূচি ঘোষণা করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, যুক্তরাজ্যে অবস্থানকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নাহিদ ইসলামের। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সূচিত পরিবর্তন নিয়েও আলোচনা করবেন।

এদিকে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাও এ সফরের অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।