স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ পিএম

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় / আইনশৃঙ্খলা
নিউজ ডেস্ক
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি | সংগৃহীত


সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম সীমান্তে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সীমান্ত নজরদারিতে ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহারের কথাও বলেন।

অপর সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাঁর মতে, এটি শুধু কোনো মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কমিটির সদস্য কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।