স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৬ পিএম

যুক্তরাষ্ট্রকে সহায়তায় আরব দেশগুলোর সম্পৃক্ততার প্রমাণ আছে: ইরান

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য
আন্তর্জাতিক ডেক্স
যুক্তরাষ্ট্রকে সহায়তায় আরব দেশগুলোর সম্পৃক্ততার প্রমাণ আছে: ইরান
ছবি- সংগৃহীত
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে তাদের কাছে নথিভুক্ত প্রমাণ রয়েছে এবং বিষয়টি কূটনৈতিক চ্যানেলে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

রোববার (১৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহায়তা করছে—এমন ইঙ্গিত পাওয়ার পাশাপাশি এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণ ইরানের কাছে নথিভুক্ত রয়েছে। বিষয়টিকে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।

বাঘেইয়ের অভিযোগ, ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযান পরিচালনা করেছে। পাশাপাশি মার্কিন বাহিনীকে প্রয়োজনীয় রসদ ও লজিস্টিক সহায়তাও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে এসব দেশের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করে এর পরিণতি সম্পর্কে সতর্ক করেন ইরানের এই কূটনীতিক।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক স্থাপনা। জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারায় স্বীকৃত আত্মরক্ষার অধিকারের ভিত্তিতেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন বাঘেই।

তিনি বলেন, ইরান উপসাগরীয় দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে হামলা চালায়নি। বরং ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে উপসাগরীয় আরব দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) গত শুক্রবার তাদের ওপর চালানো হামলার জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এর পরই তেহরানের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

সূত্র: আলজাজিরা

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।