জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সাঈদ খোকনের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের সম্পৃক্ততা এবং আন্দোলন দমনে তাঁর ভূমিকা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া পলাতক আসামিদের অবস্থান, তাঁদের সঙ্গে যোগাযোগ, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় এবং আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালেব নিহত হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়। ওই মামলায় সাঈদ খোকনও এজাহারভুক্ত আসামি।