স্পন্দন টাইম্‌স
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০২:৩৬ এএম

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

সারাবাংলা / বারিশাল
অনলাইন ডেক্স
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
বরিশালের বৌদ্ধপাড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিসংযোগের পর আগুনের দৃশ্য। ছবি- সংগৃহীত

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বৃষ্টির মধ্যে কয়েকজন ব্যক্তি বাড়িটিতে গিয়ে ভাড়াটিয়াদের বাইরে বের করে দেন। এরপর তাঁরা তিনতলা ভবনটিতে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁদের ‘জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর বাড়ি বরিশালের মাটিতে থাকবে না’ বলে স্লোগান দিতে শোনা যায়।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, আগুনে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।

রবিউল আল আমিন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: স্পন্দন টাইম্‌স | বার্তা সম্পাদক: স্পন্দন টাইম্‌স

© 2026 স্পন্দন টাইমস। সর্বস্বত্ব সংরক্ষিত।