নিজের সম্পত্তির আয় মানুষের কল্যাণে ব্যয়ের ঘোষণা রজনীকান্তের
বিনোদন ডেস্ক
প্রতিবেদকসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো ভিডিওতে রজনীকান্তকে তাঁর সম্পত্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওতে অভিনেতা জানান, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপ তিনি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের নামে হস্তান্তর করেছেন। নিজের উইলেও এ-সংক্রান্ত সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করেছেন বলে জানান তিনি।
ভিডিওতে রজনীকান্ত বলেন, তাঁর মৃত্যুর পর সম্পত্তিটি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে। সম্পত্তি থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করা হবে। তাঁর পরিবারের জন্য এ অর্থের কোনো অংশ রাখা হবে না বলেও উল্লেখ করেন অভিনেতা।
রজনীকান্তের ভাষ্য, তাঁর ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে তামিলনাড়ুর সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন বড় ভূমিকা রেখেছে। দর্শকেরা একসময় কয়েক রুপি দিয়ে তাঁর সিনেমার টিকিট কিনে তাঁকে সমর্থন করেছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তির আয় মানুষের কল্যাণে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
অভিনেতা আরও বলেন, চাইলে যেকোনো সময় উইল পরিবর্তন করা সম্ভব। কিন্তু সবার সামনে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভালো কোনো কাজ করতে চাইলে তা দ্রুত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওতে রজনীকান্ত জানান, এ বিষয়ে স্ত্রী লতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। পরে উইল ও সম্পত্তিসংক্রান্ত কাগজপত্র তাঁর শ্যালক বরদাচার্যের কাছে হস্তান্তর করেন।
১৯৮৯ সালে চালু হওয়ার পর থেকে রাঘবেন্দ্র মণ্ডপ রজনীকান্ত ও তাঁর ভক্তদের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। অভিনেতার জনজীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজনের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে স্থাপনাটি।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
সম্প্রতি সিনেমা বিকাটানের এক প্রতিবেদনে রাঘবেন্দ্র মণ্ডপের জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা বা আলোচনা চলছে বলে জানানো হয়। এরপর থেকেই স্থাপনাটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। তবে পুরো সম্পত্তি হোটেলে রূপান্তর করা হবে, নাকি এর কোনো অংশ এ কাজে ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, রজনীকান্তের হাতে রয়েছে ‘জেলার ২’ সিনেমার কাজ। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে। পাশাপাশি অশ্বথ মারিমুথুর পরিচালনায় ‘ধর্মন’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির তৃতীয় ধাপের শুটিং শেষ হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া