ট্রেনের অবস্থান দেখুন থ্রিডি ম্যাপে, জানুন গতিবেগ ও পৌঁছানোর সময়
অনলাইন ডেক্স
প্রতিবেদকট্রেন কখন স্টেশনে পৌঁছাবে, বর্তমানে কোথায় রয়েছে কিংবা কত গতিতে চলছে—এসব তথ্য জানতে যাত্রীদের জন্য রয়েছে ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ (BD Train Tracking) অ্যাপ। স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করে ট্রেনের অবস্থান, যাত্রার অগ্রগতি ও সম্ভাব্য পৌঁছানোর সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি থ্রিডি (3D) ম্যাপেও দেখা যায় ট্রেনের অবস্থান।
ট্রেনের দেরি হলে স্টেশনে অপেক্ষমাণ যাত্রী কিংবা কাউকে স্টেশন থেকে নিতে যাওয়া ব্যক্তিরা প্রায়ই অনিশ্চয়তায় পড়েন। ট্রেনটি কোথায় আছে বা কখন পৌঁছাতে পারে, তা জানতে এই অ্যাপ কাজে আসতে পারে।
অ্যাপটির বিশেষ আকর্ষণ হলো থ্রিডি ম্যাপ ভিউ। এতে মানচিত্রের ওপর ট্রেনের অবস্থান দেখা যায়। প্রয়োজনে ম্যাপ জুম ইন, জুম আউট ও প্যান করে আশপাশের রেলপথ এবং অন্যান্য ট্রেনের অবস্থানও পর্যবেক্ষণ করা যায়।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
যেভাবে তৈরি হলো বিডি ট্রেন ট্র্যাকিং অ্যাপ
অ্যাপটির পরিকল্পনা, নকশা ও নির্মাণ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং গতিশীল ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা মো. আল আমিন।
নিজের ট্রেনভ্রমণের অভিজ্ঞতা থেকেই অ্যাপটি তৈরির উদ্যোগ নেন তিনি। ট্রেন দেরি করলে স্টেশনে অপেক্ষমাণ ব্যক্তিরা অনেক সময় জানতে পারেন না, ট্রেনটি কোথায় রয়েছে বা কখন পৌঁছাবে। এই অনিশ্চয়তা কমাতে ট্রেনে থাকা যাত্রীরা নিজেদের অবস্থান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন—এমন ভাবনা থেকেই অ্যাপটির যাত্রা শুরু।
এটি মূলত যাত্রীদের অংশগ্রহণে পরিচালিত একটি কমিউনিটি-ভিত্তিক ট্রেন ট্র্যাকিং প্ল্যাটফর্ম। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির ব্যবহারকারী পাঁচ লাখের বেশি। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার চ্যাট বার্তা আদান-প্রদান হয়। অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করা যায়। বাংলা ও ইংরেজি ভাষায় ব্যবহারের সুবিধাও রয়েছে।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
গুগল প্লে স্টোরে অ্যাপটির ১০ হাজার ১০০-এর বেশি রিভিউ রয়েছে এবং রেটিং ৪ দশমিক ৮ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
থ্রিডি ম্যাপে ট্রেনের অবস্থান দেখবেন যেভাবে
অ্যাপের থ্রিডি ম্যাপ ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোরে ‘BD Train Tracking’ লিখে অ্যাপটি খুঁজে ইনস্টল করুন।
২. অ্যাপ চালু করে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অথবা অতিথি হিসেবে প্রবেশের অপশন নির্বাচন করুন। তবে অতিথি হিসেবে ব্যবহার করলে কিছু সুবিধা সীমিত থাকতে পারে।
৩. অ্যাপের হোমপেজের সার্চ অপশনে কাঙ্ক্ষিত ট্রেনের নাম বা নম্বর লিখুন।
৪. সার্চের ফলাফল থেকে নির্দিষ্ট ট্রেনটি নির্বাচন করুন।
৫. ট্রেনের বিস্তারিত পেজের নিচের ডান পাশে থাকা লাইভ লোকেশন বা ট্র্যাকিং ম্যাপে প্রবেশ করুন।
৬. সেখানে ‘3D View’ অপশন নির্বাচন করে থ্রিডি ম্যাপ চালু করুন।
৭. দুই আঙুল দিয়ে স্ক্রিনে জুম ইন বা জুম আউট করুন। আঙুল টেনে ম্যাপের বিভিন্ন অংশ ঘুরে দেখুন।
অ্যাপটির সাম্প্রতিক আপডেটে থ্রিডি ভিউয়ের ফ্লাই-ইন অ্যানিমেশন যুক্ত হয়েছে। পাশাপাশি ম্যাপ জুম বা প্যান করার সময় আশপাশের অন্যান্য ট্রেনের অবস্থান দেখার সুবিধাও যোগ করা হয়েছে।
ট্রেনের লাইভ লোকেশন ও গতিবেগ জানবেন যেভাবে
শুধু থ্রিডি ম্যাপ নয়, অ্যাপটির মাধ্যমে চলন্ত ট্রেনের অবস্থান, গতিবেগ, পরবর্তী স্টেশন এবং নির্ধারিত সময়ের তুলনায় কতটা দেরি হচ্ছে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
এ জন্য—
১. অ্যাপের হোমপেজের সার্চ বক্সে ট্রেনের নাম বা নম্বর লিখুন। চাইলে স্টেশনের নাম দিয়েও অনুসন্ধান করতে পারবেন।
২. সার্চের ফলাফল থেকে কাঙ্ক্ষিত ট্রেন নির্বাচন করুন।
৩. ট্রেনের বিস্তারিত পেজে ‘Live Status’ অপশনে প্রবেশ করুন।
সেখানে ট্রেনের সর্বশেষ পাওয়া অবস্থান, গতিবেগ, পরবর্তী স্টেশন এবং আনুমানিক পৌঁছানোর সময় দেখতে পারবেন। পাশাপাশি মোট যাত্রাপথের কত শতাংশ অতিক্রম করেছে এবং কতটুকু পথ বাকি রয়েছে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
অ্যাপটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অধিকাংশ আন্তনগর ও গুরুত্বপূর্ণ ট্রেনের তথ্য এতে পাওয়া যায়। তবে কিছু লোকাল ট্রেনের তথ্য সম্পূর্ণ নাও থাকতে পারে।
ব্যবহারের আগে যে বিষয়টি মনে রাখবেন
বিডি ট্রেন ট্র্যাকিং যাত্রীদের অংশগ্রহণে পরিচালিত একটি প্ল্যাটফর্ম। তাই অ্যাপে দেখানো অবস্থান ও সময় সব ক্ষেত্রে রেলওয়ের আনুষ্ঠানিক বা তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য নাও হতে পারে। জরুরি যাত্রা পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক তথ্যও যাচাই করে নেওয়া ভালো।